ক্লোদ এস্তেবান-এর তিনটি কবিতা

ক্লোদ এস্তেবান (১৯৩৫-২০০৬) ফরাসি কবি, গদ্যকার ও অনুবাদক। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে আছে— সাদা সরণী: ক্লদ এস্তেবানের নির্বাচিত কবিতা (১৯৭৯), অন্তিম প্রান্তরে (২০০১) ইত্যাদি। তিনি অক্তাবিও পাস, হোর্হে লুই বোর্হেস, ফেদেরিকো গার্সিয়া লোরকার কবিতা ফরাসি ভাষায় অনুবাদ করেন। পেয়েছেন মালার্মে পুরস্কার, ফরাসি সংস্কৃতি পুরস্কার ইত্যাদি। প্রথম দুটি কবিতা জোয়ানি ম্যাকোভস্কি এবং তৃতীয় কবিতাটি ফরাসি থেকে ইংরেজিতে অনুবাদ করেন জন মন্তেগি।

—রায়হান রাইন

বাঁক

একটি বাক্যের বাঁককে ঘিরে তুমি ফিরে আসো, গ্রন্থের ভিতর এ হচ্ছে ভোর, এ হচ্ছে বাগান, কেউ সবকিছু দেখতে পাবে—শিশির, পাতার উপর মথ আর পৃষ্ঠাগুলির মাঝে হঠাৎ তুমি জেগে উঠছ আর বইটি হয়ে উঠছে আরও সুন্দর তোমার উপস্থিতিতে, বয়স বাড়ে নি তোমার, শ্লথ পায়ে হাঁটছ দরজার দিকে।  
[পোয়েট্রি, জুন ২০১১

একজন, ব্যাপার না কে

একজন, ব্যাপার না কে, বসত করে আমার মাথার ভিতর, যেন এটা এক শূন্য বাড়ি। সে ঢোকে, বেরিয়ে যায়, দড়াম দড়াম করে পেছনে বন্ধ করে একেকটা দরজা, অসহায় আমি এই ঝামেলা সহ্য করে যাই। একজন, এবং হয়তো আমিই, আড়াল করে রাখে আমার নিভৃত ভাবনাগুলো; ওগুলোকে সে দুমড়ে-মুচড়ে ফেলে, একদম মাটি করে ফেলে সব। একজন, অনেক কাল পর এখন, ঘরের ভেতর ধীর পায়ে হাঁটে আর আমার দিকে না তাকিয়ে ক্ষয়-ক্ষতিগুলো দেখার জন্য থামে। একজন, ব্যাপার না যে কোথায়, আমার খণ্ড খণ্ড ছায়াগুলোকে কুড়িয়ে নেয়।

 
[পোয়েট্রি, জুন ২০১১

তুমি

যে তুমি হাঁটো, দেখতে চাও না নেমেই যাও কেবল, এমনকি নিষ্ফলা রাজ্যের দিকেও যাও যেখানে সবাই আলোড়িত, সন্তানরা নিজেদের গুলিয়ে ফেলে পিতৃপুরুষের ছায়ার সঙ্গে, রানিরা নাচতে থাকে উত্তেজনায় এবং দূরে, দূরে পাহাড়ের গায়ে একজন লোক সমুদ্র দেখে আর বিড়বিড় করে, ফেনার পাহাড় তা ফিরিয়ে আনে আমারে কাছে।  
[অন্তিম প্রান্তরে, ২০০১
রায়হান রাইন

রায়হান রাইন

জন্ম ৮ মার্চ, ১৯৭১; সিরাজগঞ্জ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও...বিস্তারিত