পাপ এবং কিছু কাঁটা

বিস্মৃতির চিলেকোঠায়  ❑❑

তুমি বলেছিলে মেঘেদের খামে ঘুম-পরিদের পাঠাবে আমি আজও তাদের অপেক্ষায়, বলেছিলে আমার চোখের তারায় অজানা কথারা ছায়া ফেলে ধরতে পেরেছ ঠিকই তুমি তাদের। কোনো এক বিরহী দুপুরে লোকালয়ে আমার উদাস বিষণ্ণ দৃষ্টি মন্ত্রমুগ্ধ করেছিল তোমায়, তুমি তার নাম দিয়েছ বিষণ্ণ সুন্দর! পৃথিবী সমান দূরত্ব যেন তোমার আমার সেসব বাধা অলীক ভেবে বিস্মৃতির চিলেকোঠায় বন্দি করে মর্তে অমর্ত্যলোকের স্বপ্ন বুনছ তুমি।

কেটে যাক নষ্ট প্রহর  ❑❑

দূরত্ব সে তো পথে যতটা কাছাকাছি শব্দ নিশ্বাসে খেলা করে, অস্তিত্বে দিনে দিনে জন্ম দিয়েছ অনুরাগ, লক্ষ্মণরেখা পার হয়ে এসে কেন আজ ফিরে যেতে চাও? সময় দাও, দু’দণ্ড নষ্ট প্রহর কাটুক, বিদায় চেয়ে ইথারে হারাবে সে তো হবার নয়। রাত জেগে পাড়ি দিয়েছ তারার রাজ্য, ভোরের হিসেব রাখো নি। এখন কেন গুনছ সময়! সমাজ হাসছে এমন ভাবনায়?

পাপ এবং কিছু কাঁটা ❑❑

আজও এখানে শিরীষ ফোটে পাতার আড়ালে, রোদমাখা চিকচিক আলো ঠিকরায়। তুমি চাইলে এখনো হাঁটতে পারি ভোর ভোর হলুদাভ রোদে। পায়ে পায়ে পারি দিতে পারি শিমুলফোটা রক্তিম পথও, আঁচলে বিঁধুক কিছু বিষকাঁটা— বিঁধতে চায় যদি; জঠরে জমুক কিছু পাপ, ভালোবাসা হলে হোক বাঁশপাতাটির সুরে। বিকেলের বিষণ্নতা আর প্রার্থনার সব আয়োজনে সন্ধে নেমে আসে, পাখিদের সমাপনী কলকাকলি উদাসী বাতাসে বিদায়ের বিউগল হয়ে বাজলেও— আমাদের সাথে নিয়ে গড়াবে সময়।
মাইনুর নাহার

মাইনুর নাহার

জন্ম ৮ ডিসেম্বর, ফটিকছড়ি, চট্টগ্রাম। পেশা শিক্ষকতা। ই-মেইল : mynurblog@gmail.comবিস্তারিত