ইসলাম ও রবীন্দ্রনাথ


কবি গোলাম মোস্তফার এই লেখাটি নেয়া হয়েছে আমার চিন্তাধারা (আহমদ পাবলিশিং হাউস, ঢাকা, ১৯৬২) বই থেকে। লেখাটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় পরস্পরের পাঠকদের জন্য তা পুনর্মুদ্রণ করা হলো। মূল লেখায় কবিতা ও গানের যেসব পঙ্‌ক্তি ভুলভাবে উদ্ধৃত হয়েছিল, তা এখানে সংশোধন করে দেয়া হয়েছে।

কবি-সম্রাট রবীন্দ্রনাথ তাঁহার গীতি-কবিতায় যে-ভাব ও আদর্শ ব্যক্ত করিয়াছেন, তাহার সহিত ইসলামের চমৎকার সাদৃশ্য আছে। তাঁহার ভাব ও ধারণাকে যে-কোনো মুসলমান অনায়াসে অন্তর দিয়া গ্রহণ করিতে পারে। বাংলা ভাষায় আর কোনো কবি এমন করিয়া মুসলমানের প্রাণের কথা বলিতে পারেন নাই। শুধু বাংলা ভাষা কেন, জগতের কোনো অমুসলমান কবির হাত দিয়াই এমন লেখা বাহির হয় নাই। পৌত্তলিকতা, বহুত্ববাদ, নিরীশ্বরবাদ, জন্মান্তরবাদ, সন্ন্যাসবাদ প্রভৃতি যে সমস্ত ধারণা ইসলামী আদর্শের ঘোর বিরোধী, তাহা রবীন্দ্রনাথের লেখায় অনুপস্থিত বলিলেও অত্যুক্তি হয় না। এ সম্বন্ধে আলোচনা করিতে হইলে সর্বপ্রথমেই আমাদিগকে বুঝিতে হইবে—ইসলাম কী এবং উহার বিশেষত্ব কী ; কারণ তাহা হইলে, ইসলামের সহিত রবীন্দ্রনাথের কোথায় কতোটুকু মিল আছে, তাহা বুঝিবার সুবিধা হইবে।

ইসলামের বিশেষত্ব


(১) খোদাতালাকে এক ও অদ্বিতীয় প্রভু মনে করা—ইসলামের মূল-মন্ত্রই হইতেছে “লা ইলাহা ইল্লাল্লাহ্” (এক আল্লাহ্ ছাড়া অন্য কেহ উপাস্য নাই)। নিখিল বিশ্বের নিয়ামক তিনি, জীবন-মরণের প্রভু তিনি। “আমরা তোমাকেই আরাধনা করি, এবং তোমারই নিকটে সাহায্য প্রার্থনা করি”—ইহাই মুসলমানের দৈনন্দিন প্রার্থনা ।

(২) খোদাতালার মহান ইচ্ছার সম্মুখে সম্পূর্ণ আত্মসমর্পণ করা—তাঁহার ইচ্ছাকে সর্ব অবস্থায় জয়যুক্ত করাই ইসলামের প্রধান শিক্ষা। সফলতা-নিষ্ফলতা সুখ-দুঃখ সম্পদ-বিপদ—সমস্তই তাঁহার দান। এখানে অহমিকা নাই, আমিত্বের কোনো গর্ব নাই। রিক্ত-মুক্ত ভাবে খোদাতালার জন্যই সমস্ত কাজ করিতে হয়।

(৩) খোদাতালা এবং তাঁহার সৃষ্টজীবের সহিত প্রেম স্থাপন করা ইসলামের ধাতুগত অর্থও হইতেছে শাস্তি। সুতরাং ইসলাম শান্তির ধর্ম। এখানে বিরোধ নাই, বিদ্রোহ নাই, আছে কেবল শান্তি, আছে কেবল প্রেম—খোদাতালার সহিত প্রেম, তাঁহার সৃষ্টির সহিত প্রেম।

(৪) বৈরাগ্য বা সন্ন্যাস বর্জন করা—ইসলাম বৈরাগ্য বা সন্ন্যাস কখনো অনুমোদন করে না ; সংসারের সমস্ত কর্তব্য পালন করিয়া ধর্ম- সাধন করিতে বিধান দেয়। খোদাতালা-দত্ত এই আলো-বাতাস, এই ভোগ-বিলাস, এই প্রিয়-পরিজন সমস্তই ব্যর্থ করিয়া দিয়া নির্জন বনে একাকী ধ্যান-মগ্ন অবস্থায় মুক্তি-সাধন করা ইসলামের বিধি নয়। বিশ্বের পরতে পরতে আপনাকে জড়াইয়া দিয়া অন্তরে অন্তরে অনন্ত প্রেমরাজ্যে বাসা বাঁধাই ইসলামের অনুমোদিত ধর্ম-পদ্ধতি।

(৫) জন্মান্তরবাদ অস্বীকার করা—

(৬) সাম্য ও বিশ্বপ্রেম স্থাপন করা—ইসলামে কৌলিন্য প্রথা নাই । এখানে সকলেই ভাই ভাই। মানুষ হিসাবে ব্রাহ্মণ-শূদ্র রাজা-প্রজ৷ ধনী-ভিক্ষুক সকলেই সমান ।

["A Muslim, according to the Holy Quran, is he who has made his peace with God and man, with the Creator as well as His creatures. Peace with God implies submission to His will Who is the source of all purity and goodness and peace with man implies the doing of good to one's fellowmen."-Muhammad Ali: Preface to his 'Holy Quran'.]

ইহাই হইতেছে মোটামুটি ভাবে ইসলামের বিশেষত্ব। এখন আমি দেখাইতে চেষ্টা করিব—রবীন্দ্রনাথের কবিতাতে এই সমস্ত ভাব ও আদর্শ কতোখানি অভিব্যক্ত হইয়াছে। অবশ্য ইহা হইতে কেহ যেন মনে না করেন যে, আমার এই ক্ষুদ্র প্রবন্ধে আমি রবীন্দ্রনাথের সমস্ত কবিতাই নিঃশেষে উদ্ধৃত করিয়া দেখাইব। সেরূপ করা একরূপ অসম্ভব ব্যাপার । ইসলামী ভাবসমন্বিত এত কবিতা রবি বাবু লিখিয়াছেন যে তাহা উদ্ধৃত করিয়া দেখানো অসম্ভব।

গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালী, গীতপঞ্চাশিকা, শেফালি, কেতকী ও অন্যান্য গানের বই সমস্তই খোদা-প্রেমবিষয়ক গানে ভরপুর। তত্ত্বান্বেষী পাঠক রবি বাবুর ঐ সব পুস্তক পড়িলেই এ কথার সত্যতা উপলব্ধি করিত্বে পারিবেন।

সর্বপ্রথমেই গীতাঞ্জলির প্রথম কবিতার উল্লেখ করা যাইতে পারে—

আত্ম-সমৰ্পণ

আমার মাথা নত করে দাও হে তোমার
চরণধুলার তলে ।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে।
নিজেরে করিতে গৌরবদান
নিজেরে কেবলি করি অপমান
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া
ঘুরে মরি পলে পলে।
আমারে না যেন করি প্রচার
আমার আপন কাজে,
তোমারি ইচ্ছা কর হে পূর্ণ
আমার জীবনমাঝে।
যাচি হে তোমার চরম শান্তি,
পরানে তোমার পরম কান্তি,
আমারে আড়াল করিয়া দাঁড়াও
হৃদয়পদ্মদলে।

এই কবিতাটিকে আমি সর্বোচ্চ স্থান দি। 'সূরা ফাতেহা'র সহিত ইহার চমৎকার মিল আছে। মাত্র এই একটি কবিতার দ্বারাই কবির সমস্ত কবিতার প্রকৃতি ও মূলসুর নির্ণয় করা যায়। এই কবিতার ভিতরে ইসলামের প্রায় সব সত্যেরই সমাবেশ হইয়াছে। একমাত্র খোদাতালাকেই সর্বময় প্রভু মনে করিয়া তাঁহার চরণতলে মাথা নত করা, নিজের অক্ষমতা নিবেদন করা এবং তাঁহারই সাহায্য প্রার্থনা করা, অহমিকা বিসর্জন দিয়া খোদার ইচ্ছাকেই জয়যুক্ত করা, অন্য কিছু কামনা না করিয়া খোদাতালারই 'চরম শাস্তি' ও 'পরম কান্তি' প্রার্থনা করা, এ সমস্তই খাঁটি ইসলামের কথা। কোরান শরীফে আছে-পরকালে বেহেশতে শুধু চিরশান্তি বিরাজ করিবে; সকলের মুখেই “শান্তি” “শান্তি” রব উত্থিত হইবে । আর বেহেশতের দার্শনিক ব্যাখ্যাও হইতেছে—খোদাতালার দিদার লাভ করা। পুণ্যবানেরা সেখানে সর্বদা খোদাতালার দিব্যকান্তি অনুভব করিবে। এই দুইটি কথার সহিত—
যাচি হে তোমার চরম শাস্তি
পরাণে তোমার পরম কান্তি—
এ কথার কী গভীর সম্বন্ধ!

অন্যত্র কবি বলিতেছেন—
ধায় যেন মোর সকল ভালবাসা
প্রভু তোমার পানে তোমার পানে
তোমার পানে ।
যায় যেন মোর সকল গভীর আশা
প্রভু তোমার কানে তোমার কানে
তোমার কানে।

এখানেও কবি শুধু খোদাতালাকেই একমাত্র লক্ষ্যস্থল মনে করিতেছেন এবং নিজের আশা-আকাঙ্ক্ষা, অভাব-অভিযোগ তাঁহারই সকাশে নিবেদন করিতেছেন।

অনিত্য সংসারে সকল ঠেলিয়া একমাত্র খোদাতালাকেই যে কামনা৷ করিতে হয়, সে সম্বন্ধে কবি বলিতেছেন—
চাই গো আমি তোমারে চাই
তোমায় আমি চাই—
এই কথাটি সদাই মনে
বলতে যেন পাই।
আর যা-কিছু বাসনাতে
ঘুরে বেড়াই দিনে রাতে
মিথ্যা সে-সব, মিথ্যা ওগো
তোমায় আমি চাই।

ইসলামের শিক্ষাও তো এই। খোদাতালাকে পাওয়াই সত্যিকার পাওয়া, আর যা কিছু সমস্তই মিথ্যা।

কবি যে পৌত্তলিকতা বা সংকীর্ণতাকে প্রশ্রয় দেন না, তাহা নিম্নের কবিতা হইতে অতি সুন্দরভাবে বুঝা যায়—
মুগ্ধ ওরে, স্বপ্নঘোরে
যদি প্রাণের আসনকোণে
ধুলায়-গড়া দেবতারে
লুকিয়ে রাখিস আপন-মনে—
চিরদিনের প্রভু তবে
তোদের প্রাণে বিফল হবে,
বাইরে সে যে দাঁড়িয়ে রবে
কত-না যুগযুগান্তরে।

এই সমস্ত কবিতাতে রবীন্দ্রনাথ খাঁটি ইসলামী ভাবেরই প্রতিধ্বনি করিয়াছেন। একমাত্র খোদাতালাকেই তিনি অদ্বিতীয় প্রভু মনে করেন, তাঁহারই চরণে তিনি মাথা নত করেন, তাঁহারই সকাশে সাহায্য প্রার্থনা করেন; তিনি ছাড়া আর কোনো 'ধুলায়-গড়া দেবতারে' আপন মনে স্থান দেন না।

প্রেম ও শান্তি স্থাপন


এ সম্বন্ধে বিশেষ কোনো কবিতা উদ্ধৃত করিয়া দেখাইবার কোনো প্রয়োজন নাই। এ প্রবন্ধের প্রায় সব কবিতাই তো গভীর ঐশী প্রেমের পরিচায়ক! প্রেম না থাকিলে আত্ম-সমর্পণ ও মিলন কিসের। রবীন্দ্রনাথের এই শ্রেণীর সকল কবিতাতেই একটা অতৃপ্ত মিলনের আকাঙ্ক্ষা সূচিত হইয়াছে।

কোথায়ও তিনি উদ্ধত ভাবের বা বিদ্রোহের পরিচয় দেন নাই । 'তুমি এসো, আমার হৃদয়-পদ্ম-দলে দাঁড়াও', 'গানের সুরের আসনে বসো, ঐ যে তুমি ‘আড়াল দিয়ে লুকিয়ে গেলে', 'যেও না সখা হেলায় ঠেলে'—ইত্যাদি ভাবের বিরহ ও বেদনার অভিব্যঞ্জনায় সমস্ত কবিতা ভরপুর। রবীন্দ্রনাথের আত্মপ্রকৃতিও মিলন-প্রয়াসী। নিখিল বিশ্বের ছোট বড় সকলকেই তিনি তাঁহার উদার হৃদয়ে স্থান দিয়াছেন; সকলকেই তিনি ভালোবাসিতে পারিয়াছেন। তিনি বলিতে পারিয়াছেন: “জগত আসে প্রাণে, জগতে যায় প্রাণ, জগত-প্রাণে মিলি গাহিছে এ কী গান।” বাস্তবিকই তিনি 'বিশ্ব-জগতের' সহিত এমনভাবে মিশিয়া গিয়াছেন যে, তাঁহাকে আলাদা করিয়া দেখিলে তাঁহাকে বুঝা যাইবে না। নিখিল বিশ্বের মর্মে মর্মে যে সহজ সুরের ঝঙ্কার উঠিতেছে, তাহারই মধ্যে তাঁহাকে খুঁজিয়া বাহির করিতে হইবে। তিনি যেন বিশ্বপ্রকৃতিরই বেশী আপন, আমাদের ততো নন! কোরান শরীফে আছে—
“আল্লাহ্ মানবমণ্ডলীকে যে নিজের ফিৎরাতের (Nature) উপর সৃষ্টি করিয়াছেন, তাহা দৃঢ়ভাবে অবলম্বন করো। আল্লাহ্র সৃষ্টিতে রদ-বদল নাই, ইহাই সরল 'দীন' (ধর্ম) [সুরা রুম, ৩০ আয়াত ]।” রবীন্দ্রনাথ সেই ‘প্রকৃতির’ই সন্তান। তিনি প্রকৃতিকে বাস্তবিকই দৃঢ়ভাবে অবলম্বন করিয়াছেন ।

বিশ্বপ্রকৃতি ও রবীন্দ্রনাথ


কোরান শরীফে আছে—“নিশ্চয়ই স্বর্গে মর্তে বিশ্বাসীদিগের জন্য অনেক নিদর্শন আছে [সুরা আল-জাসিয়া, ৩ আয়াত ]।” “এবং রাত্রি ও দিনের পরিবর্তনের মধ্যে এবং খোদাতালা লোকের জীবন ধারণের জন্য মেঘ হইতে পৃথিবীতে যাহা প্রেরণ করেন এবং যদ্দ্বারা মৃতকে পুনর্জীবিত করেন, (তাহার মধ্যে ) এবং আবহাওয়ার পরিবর্তনের মধ্যে তাহাদের জন্য অনেক নিদর্শন আছে—যাহারা চিন্তা করে [সুরা আল জাসিয়া, ৫ আয়াত ]।” কোরানের এই বাণী রবীন্দ্রনাথের জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করিয়াছে। প্রকৃতিকে তিনি যেভাবে গ্রহণ করিয়াছেন, তাহা গভীর অনুভূতি-প্রসূত। সূর্য-চন্দ্ৰ আঁধার-আলো, সন্ধ্যা-প্রভাত, ঝঞ্ঝা-বাদল, বর্ষা-বসন্ত প্রভৃতি প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়া তিনি একমাত্র খোদাতালারই অস্তিত্ব অনুভব করিয়াছেন। দৃশ্য দেখিতে দেখিতে দৃশ্যের আড়ালে লুকানো সেই বিরাট পুরুষের সন্ধান পাইয়া তাঁহার মন উদাস আকুল চঞ্চল হইয়াছে। কবি বলিতেছেন—
এই তো তোমার প্রেম, ওগো
হৃদয়-হরণ।
এই-যে পাতায় আলো নাচে
সোনার বরন!
এই-যে মধুর আলসভরে
মেঘ ভেসে যায় আকাশ-'পরে,
এই-যে বাতাস দেহে করে
অমৃত ক্ষরণ।
এই তো তোমার প্রেম, ওগো
হৃদয়-হরণ।

প্রেমিকের উপযুক্ত কথাই বটে। বসন্তে কবি গাহিতেছেন—
আজি গন্ধ-বিধুর সমীরণে
কার সন্ধানে ফিরি বনে বনে।
...
আমি পুলকিত কার পরশনে...

অন্যত্র—
আজি বসন্ত জাগ্রত দ্বারে।
...
মোর পরানে দখিন বায়ু লাগিছে,
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে,
এই সৌরভবিহ্বল রজনী
কার চরণে ধরণীতল জাগিছে।
ওগো সুন্দর, বল্লভ, কান্ত,
তব গম্ভীর আহ্বান কারে।

বর্ষায়—
হৃদয় আমার নাচে রে আজিকে
ময়ূরের মতো নাচে রে।
...
আকুল পরান আকাশে চাহিয়া
উল্লাসে কারে যাচে রে।

অন্যত্র তিনি বাদল-বরিষণের ভিতর দিয়া খোদাতালাকে কেমন সুন্দরভাবে আহবান করিতেছেন—
এসো হে এসো, সজল ঘন,
বাদলবরিষনে—
বিপুল তব শ্যামল স্নেহে
এসো হে এ জীবনে।

শরতে—
শরতে আজ কোন্‌ অতিথি
এল প্রাণের দ্বারে।
আনন্দগান গা রে হৃদয়,
আনন্দগান গা রে।
...
যে এসেছে তাহার মুখে
দেখ্‌ রে চেয়ে গভীর সুখে,
দুয়ার খুলে তাহার সাথে
বাহির হয়ে যা রে।

ঝড়ের রাতে—
আজি ঝড়ের রাতে তোমার অভিসার,
পরানসখা বন্ধু হে আমার।
আকাশ কাঁদে হতাশ-সম,
নাই যে ঘুম নয়নে মম,
দুয়ার খুলি হে প্রিয়তম,
চাই যে বারে বার।

প্রাকৃতিক দৃশ্য সকলেই দেখিয়া থাকি, কিন্তু এমনভাবে কয়জন দেখি! স্বর্গে-মর্ত্যে যে 'অসংখ্য নিদর্শন' আছে, সে কথা তো মিথ্যা নয়। চোখ থাকিলে সে-সব নিদর্শন যে দেখা যায়, রবীন্দ্রনাথ তাহার প্রকৃষ্ট প্রমাণ। অবশ্য ইসলাম Pantheism ও Paganism-কে সমর্থন করে না।

সুখ-দুঃখ


ইসলাম সুখে-দুঃখে সম্পদে-বিপদে জীবনে-মরণে খোদাতালারই জয়-গৌরব ঘোষণা করে। কোরান বলিতেছে—“বলো (হে মোহাম্মদ) নিশ্চয়ই আমার আরাধনা, ত্যাগ, জীবন ও মরণ সমস্তই আল্লার জন্য [সূরা আল-আনাম, ১৬৩ আয়াত]।” কবি ইহারই সহিত সুর মিলাইয়া বলিতেছেন—

“সুখী হও দুঃখী হও, তাহে চিন্তা নাই;
তোমরা তাঁহারই হও, আশীর্বাদ তাই।”

“বাঁচান বাঁচি, মারেন মরি।
বলো ভাই, ধন্য হরি।
সুধা দিয়ে মাতান যখন
ধন্য হরি, ধন্য হরি।
ব্যথা দিয়ে কাঁদান যখন
ধন্য হরি, ধন্য হরি।”

এই সমস্ত কবিতাতে কবি এই কথাই বলিতেছেন যে, সুখে-দুঃখে জীবনে মরণে খোদাতালাই তাঁহার একমাত্র লক্ষ্য। সাফল্য বা বিজয়-গৌরবের মধ্যেও যে খোদাতালারই অনুগ্রহের কথা স্মরণ করিতে হয় আর সকল জয়-গৌরব যে তাঁহার চরণে নিবেদন করিয়া দিতে হয়, সে কথা কবি তাঁহার 'নোবেল প্রাইজ' প্রাপ্তি উপলক্ষে রচিত কবিতায় অতি সুন্দরভাবে ব্যক্ত করিয়াছেন—
কার হাতে এই মালা তোমার পাঠালে
আজ ফাল্গুন দিনের সকালে।
তার বর্ণে তোমার নামের রেখা
গন্ধে তোমার ছন্দ লেখা
...
লুকিয়ে তুমি ঐ গানেরি আড়ালে
আজ ফাগুন দিনের সকালে।

অন্যত্র এই সম্বন্ধেই বলিতেছেন—
এ মণিহার আমায় নাহি সাজে।
পরতে গেলে লাগে, এরে
ছিঁড়তে গেলে বাজে।
...
তাই তো বসে আছি,
এ হার তোমায় পরাই যদি
তবেই আমি বাঁচি।

মুসলমানগণ দৈনন্দিন জীবনে প্রতি কাজে বলে: 'শোকর আল্হামদুলিল্লাহ্!' ইহাও তাই। দুঃখ-দৈন্যকে কবি ঠিক ইসলাম অনুযায়ীই গ্রহণ করিয়াছেন। দুঃখ-দৈন্য পূর্বজন্মের কর্মফল এমন কথা তিনি কোথাও প্রকাশ করেন নাই। জীবনের সার্থকতার জন্য যে দুঃখ-দৈন্যেরও প্রয়োজন আছে, দুঃখ যে খোদাতালার বিশেষ অনুগ্রহেরই রূপান্তর, সুখ-সম্পদ ছাড়া জীবনের যে মহত্তর লক্ষ্য আছে, এই কথা মনে করিয়াই কবি সগৌরবে দুঃখকে বরণ করিয়া লইয়াছেন। এ সম্বন্ধে কোরান বলিতেছে—“হে বিশ্বাসিগণ। ধৈর্য এবং প্রার্থনার ভিতর দিয়া সাহায্য প্রার্থনা করো; নিশ্চয় আল্লাহ্ ধৈর্যশীলদিগের সহিত [সূরা বকরা, ১৫৩ আয়াত]।” “এবং নিশ্চয়ই আমি তোমাদিগকে ভয়, সম্পদ-হানি, জীবন-হানি, ফল-হানি বা ঐরূপ কিছু দিয়া পরীক্ষা করিব; এবং যাহারা ধৈর্যশীল তাহাদিগের নিকট সুসংবাদ প্রেরণ করিব (অর্থাৎ ধৈর্যের পুরস্কার দিব) [সুরা বকরা, ১৫৫ আয়াত]।” “তাহাদেরই উপরে (অর্থাৎ উক্ত ধৈর্যশীলদিগের উপরে) তাহাদের প্রভুর দিক হইতে আশীর্বাদ এবং করুণা (বর্ষিত হইবে) [ঐ, ১৫৭ আয়াত]।”

কবি বলিতেছেন-
“আমি বহু বাসনায় প্রাণপণে চাই,
বঞ্চিত করে বাঁচালে মোরে।
এ কৃপা কঠোর সঞ্চিত মোর
জীবন ভ'রে।
...
এ যে তব দয়া জানি জানি হায়,
নিতে চাও বলে ফিরাও আমায়,
পূর্ণ করিয়া লবে এ জীবন
তব মিলনেরই যোগ্য করে।”

“দুঃখ যদি না পাবে তো
দুঃখ তোমার ঘুচবে কবে?”

“পুষ্প দিয়ে মার যারে
চিনল না সে মরণকে।
বাণ খেয়ে যে পড়ে সে যে
ধরে তোমার চরণকে।”

“লাগে না গো কেবল যেন
কোমল করুণা,
মৃদু সুরের খেলায় এ প্রাণ
ব্যর্থ কোরো না।”

“দুঃখরথের তুমিই রথী
তুমিই আমার বন্ধু,
তুমি সংকট তুমিই ক্ষতি
তুমি আমার আনন্দ।”

“এই করেছ ভালো, নিঠুর,
এই করেছ ভালো।
এমনি করে হৃদয়ে মোর
তীব্র দহন জ্বালো।
আমার এ ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে,
আমার এ দীপ না জ্বালালে
দেয় না কিছুই আলো।
যখন থাকে অচেতনে
এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব
সেই তো পুরস্কার।”

“দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল
বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামল।”

ইহাই রবীন্দ্রনাথের দুঃখ-দৈন্যের দার্শনিক ব্যাখ্যা। সুখে-দুঃখে সম্পদে-বিপদে, সকল অবস্থাতেই তিনি খোদাতালাকে বন্ধু বলিয়া আঁকড়িয়া ধরিয়াছেন। লক্ষ্যের প্রতি তাঁহার দৃষ্টি স্থির-নিবদ্ধ, কোনো অবস্থাতেই তিনি সেই লক্ষ্যপথ হইতে স্থলিত হন নাই। মুসলমানগণও দুঃখের দিনে বলিয়া থাকে—“আমরা আল্লার নিকট হইতে আসিয়াছি এবং আল্লাই আমাদের লক্ষ্য [সুরা বকরা, ১৫৬ আয়াত]।”

বৈরাগ্য বা সন্ন্যাস


রবীন্দ্রনাথ বৈরাগ্য বা সন্ন্যাসবাদের সম্পূর্ণ বিরোধী। গম্ভীরভাবে তিনি ঘোষণা করিতেছেন—
বৈরাগ্যসাধনে মুক্তি, সে আমার নয়।
অসংখ্যবন্ধন-মাঝে মহানন্দময়
লভিব মুক্তির স্বাদ।... ইন্দ্রিয়ের দ্বার
রুদ্ধ করি যোগাসন, সে নহে আমার ।
যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে
তোমার আনন্দ রবে তার মাঝখানে।

ইহাই তো ইসলাম। অসংখ্য বন্ধন-মাঝে মুক্তি লাভ করাই তো প্রকৃত পৌরুষের কাজ। কোরান বলিতেছে—“এবং যে সন্ন্যাসব্রত (খৃষ্টানগণ) সৃষ্টি করিয়াছে তৎসম্পর্কে আমি তাহাদিগকে কিছুই বলি নাই। পৃথিবীতে তোমাদের জন্য যে (ভোগের) স্বত্ব নির্ধারিত আছে, তাহা বিস্মৃত হইও না।” “হে মুসলমানগণ! খোদাতালা তোমাদের জন্য যে সমস্ত জিনিস বৈধ করিয়াছেন, তাহা অবৈধ করিও না।” হযরত মোহাম্মদের জীবনের গতিও এই পথেই চলিয়াছে। সংসাবের সমস্ত বন্ধনের মধ্যে থাকিয়া তিনি অধ্যাত্ম জগতে বিহার করিতেন।

সাম্য ও বিশ্বপ্রেম


সাম্য ও বিশ্বপ্রেম সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠিক ইসলামের উক্তিরই প্রতিধ্বনি তুলিয়াছেন—
“যুক্ত করো হে সবার সঙ্গে,
মুক্ত করো হে বন্ধ,
সঞ্চার করো সকল কর্মে
শান্ত তোমার ছন্দ।”

“এসো হে আর্য, এসো অনার্য,
হিন্দু মুসলমান।
এসো এসো আজ তুমি ইংরাজ,
এসো এসো খৃস্টান।
এসো ব্রাহ্মণ শুচি করি মন
ধরো হাত সবাকার,
এসো হে পতিত করো অপনীত
সব অপমানভার।”

কোরান বলিতেছে—“সমস্ত মানবমণ্ডলী এক জাতি” [সুরা বকরা, ২১৩ আয়াত ]। “হে মানব, নিশ্চয়ই আমি তোমাদিগকে এক পুরুষ ও এক নারী হইতে সৃষ্টি করিয়াছি এবং তোমাদিগকে বংশ ও সম্প্রদায়ে বিভক্ত করিয়াছি, যাহাতে তোমরা পরস্পরকে চিনিতে পারো [সুরা আল্-হুজুরাত, ১৩ আয়াত]।”

অন্যত্র কবি মানুষ হইয়া মানুষকে ঘৃণা করার জন্য তাঁর দেশবাসীকে তিরস্কার করিতেছেন:
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান!
মানুষের অধিকারে
বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।

তের শত বৎসর পূর্বে ইসলাম যে সত্য গম্ভীরভাবে ঘোষণা করিয়াছে, আজ তাহ৷ নূতন করিয়া রবীন্দ্রনাথের মুখে ধ্বনিত হইতেছে।

উপসংহার


এইরূপে রবীন্দ্রনাথের অধিকাংশ গীতি-কবিতাতেই ইসলামী ধ্যান- ধারণ ও আদর্শ ব্যক্ত হইয়াছে। অশরীরী ভাবও (spirit of abstraction) তাঁহার কাব্যের আর একটি বিশেষত্ব। পারস্যের সুফী কবি হাফিজের সুর বাঙালী কবিদের মধ্যে একমাত্র রবীন্দ্রকাব্যেই শুনিতে পাওয়া যায়।

বস্তুত, রবীন্দ্রকাব্যে ইসলামের প্রভাব অত্যন্ত সুস্পষ্ট। রবীন্দ্রনাথকে লইয়া এইখানে মুসলমানদের গর্ব করিবার যথেষ্ট কারণ আছে।


বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
১৯২২

সম্পাদক

সম্পাদক


এই লেখকের সব লেখা