‘এ-রকম অনেক জন্ম-মৃত্যু দেখে গেলাম আমরা কিন্তু তবুও আমরা অনেকবার ম’রে গিয়েছি—তবুও মরি নি আমরা আজও বেঁচে রয়েছি—তবু বেঁচে নেই বাঁচা’র থেকে মৃত্যু কোথায় পৃথক এবং মৃত্যুর থেকে বেঁচে থাকা...’
একটা সময় মনে হতো, জীবনানন্দ দাশের রচনা বিপুল নয়, বিপুল যা, তা তাঁর রচনার ক্ষমতা, পরবর্তীকালে তার প্রভাব। কিন্তু, এখন; যখন তাঁর অপ্রকাশিত রচনা, তাঁর অপ্রকাশিত কবিতা ক্রমান্বয়ে আমাদের হাতে আসছে তখন এই সংশয় জাগছে যে তিনি হয়তো এমনটাই চেয়েছিলেন, একটু একটু করে, কাল পেরিয়ে, কালান্তরে গিয়ে প্রকাশ্য হতে! যেন তিনি মাটিতে বুনে গিয়েছিলেন কোনো কবিতার বীজ, আর তা জন্ম দিয়ে চলেছে তাঁর কবিতাশস্য, এখনো, এতকাল পরেও! আর, উন্মোচিত করে চলেছে রহস্যের অসংখ্য দরোজা, জীবনানন্দকে আমাদের কাছে হাজির করছে নতুন নতুন রূপে, নতুন নতুন অভিধায়!
আমরা যে-জীবনানন্দকে তাঁর গ্রন্থগুলো মারফত চিনেছি, তা যে কতটা অসম্পূর্ণ তা দিনে দিনে স্পষ্ট হয়েছে তাঁর অপ্রকাশিত কবিতাগুলোর বদৌলতে। হয়তো ঠিক এখনো স্পষ্ট হন নি তিনি পুরোপুরি, যেন আরও কোনো অপ্রকাশিত কবিতা আমাদের জন্য অপেক্ষা করে আছে জীবনানন্দকে সঠিকভাবে চিনিয়ে দেয়ার জন্য!
এতকাল তাঁকে যেন আমরা চিনে এসেছি প্রকৃতিসংলগ্ন ও প্রেমিক কবি হিসেবেই। কিন্তু ক্রমশ আমরা তাঁকে আবিষ্কার করতে শুরু করেছি নতুনভাবে, যেখানে তাঁকে বিদ্ধ হতে দেখছি তাঁর সময়ের অস্থির পৃথিবী, সে সময়ের যুদ্ধ, মৃত্যু ও রক্তপাতের ঘটনায়!
সম্প্রতি অমিতানন্দ দাশ, প্রিয়ব্রত দেব এবং জীবনানন্দ বিশেষজ্ঞ ও কবি ভূমেন্দ্র গুহ’র সৌজন্যে আমাদের হাতে এসেছে ১৯৪০ সালে রচিত জীবনানন্দ দাশের ৫টি অপ্রকাশিত কবিতা। এর মাধ্যমে, আমরা মনে করি, ‘নতুনধারা’ অর্জন করল বাংলাদেশের কোনো সাহিত্য পত্রিকায় প্রথমবারের মতো জীবনানন্দ দাশের অপ্রকাশিত কবিতা প্রকাশের গৌরব।
এই কবিতাগুলোতে কী আছে, কী বলেছেন তিনি, যা বলেন নি আর কোনো কবিতায়? এসব জানতে জীবনানন্দ দাশের ৫টি কবিতা আমরা পাঠিয়েছি বাংলাদেশের প্রবীণ-নবীন পাঁচ কবির কাছে। তাঁরা লিখে জানিয়েছেন জীবনানন্দ দাশের এই কবিতাগুলি সম্পর্কে তাঁদের অভিমত, তাদের পাঠের অভিজ্ঞতার কথা।
তাঁদের এই পাঠ জীবনানন্দকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ করে দেবে বলেই আমাদের মনে হয়। অনলাইন সাহিত্যপত্রিকা 'পরস্পর' লেখাগুলি পুনর্মুদ্রণ করার মধ্য দিয়ে আরও নতুন পাঠকের কাছে পৌঁছে দেবে আশা করি। 'পরস্পর'কে ধন্যবাদ।
পরিধি তবুও গোলাকার
ফরহাদ মজহার
বহমান জীবনের গল্প
তুষার দাশ
মৃত্যুর পরে, জন্মের আগে
সাজ্জাদ শরিফ
জীবন আনন্দের ভবলীলা
সাখাওয়াত টিপু
জাতকের গল্প—হেমন্ত-নদীর পারে
সোহেল হাসান গালিব