চারটি কবিতা

কাস্তে

ঝড় জল বাংলা; কেমন আছ তুমি? হিংসা ঈর্ষা প্রেম প্রতারণা। আর কিছু মরিময় মর্দন তেল, আর কিছু যৌনজন্তুবৎ চাঁদ তোমার চারিপাশে যেন এক অন্ধকার মায়ামৃগ ক্রমাগত উচাটন করে কে তোমায় নিয়ে যাবে শ্মশানে? কে তোমায় পৌঁছে দেবে কবরখানায়? আমাদের পা থেকে মাথা পর্যন্ত কাস্তের ধানচেরাই হয়ে গেছে আমাদের পা থেকে পাঁজর পর্যন্ত প্রতর্কপ্রলাপের ঢেউ ওঠানামা করে ঝড় জল বাংলা; তুমি আমাদের মুখে দিতে চাও? প্রস্রাব করতে চাও? করো করো; আমরা তোমার অধম সন্তান; রাত্রি হলে মানুষ থাকি না...  

ঘিলু

হে ইসকুল; ওগো ইসকুল; তোমার ভাঙা জানালায় আমরা সবাই ময়ূরের পালক ছড়িয়ে গেলাম; তোমার ভাঙা দরজায় আমরা সবাই কুক্করীর ছাল ওঠা মাংস রেখে গেলাম আমরা আর কোনোদিন এইখানে ফিরব না মাথাভর্তি ঘিলু নিয়ে আমরা চলে যাচ্ছি আমগাছের অন্ধকারে জামগাছের অন্ধকারে কয়েকটা বকুলফুলের আত্মহত্যা পড়ে আছে হে ইসকুল; ওগো ইসকুল; আমরা ছাল ওঠা কুক্করীর সন্তানসন্ততি আমাদের বাবা নেই কোনো; বাবা বাবা বলে শুধুমাত্র ঘেউ ঘেউ করি আমরা ছাল ওঠা কুক্করীর প্রথম পক্ষের সন্তান; কৃষ্ণপক্ষের সন্তান আমাদের মা নেই কোনো; মা মা বলে শুধুমাত্র ঘেউ ঘেউ করি...  

চাবি

ঝড় জল বাংলা; কেমন আছ তুমি? কাল সারারাত তোমার নাক দিয়ে রক্ত পড়েছিল; কাল সারারাত তোমার নাভি খোলা ছিল; আমরা ঢুকব বলেও ঢুকতে পারি নি; কাল সারারাত তোমার যোনি খোলা ছিল আমরা থাকব ভেবেও থাকতে পারি নি ঝড় জল বাংলা; কেমন আছ তুমি? চক্ষুদুটি ম্লান, ভুরুদুটি ক্লান্ত; কালো দুই ঠোঁটে পিঁপড়েরা কামড় দিচ্ছে; তবুও তুমি তাদের কিছুই বলছ না; আমরা তোমার সামনে এসে দাঁড়ালাম মধু ও মালতী দিয়ে তোমার পা ও পাঁজর মুছলাম তুমি আমাদের কাছ থেকে তালা ও চাবি কেড়ে নিলে অন্ধকারে দেখলাম—তোমার ইসকুলে অজস্র বাচ্চার শবদেহ পড়ে আছে ঝড় জল বাংলা; তোমাকে নিয়ে কবিতা আর কিছুতেই লেখা যায় না...  

ঘাই

হে ইসকুল; ওগো ইসকুল; তোমার কাঁথা খোলো; সিন্দুক খোলো ওইখানে স্বর্ণমুদ্র আছে; রৌপ্যমুদ্রা আছে; আমরা কিচ্ছু চাই না আমরা জল ও জ্যোতিষ্কের দেশে, প্রাণী ও পঙ্কিলের দেশে ঈরা পীড়া আলি কালি ডাকিনী যোগিনী বিশ্বকর্মাজাত মহুয়াভক্ত; গাঁজার ভেতর কল্কের ভেতর আঠা দিয়া ভাঙা হাড় জুড়ি হে ইসকুল; ওগো ইসকুল; মা বেশ্যা বাবারা মাতাল আমরা শুধু নিম্নদেশে নিম্নচাপ নিয়ে ধারালো কাস্তের মতো বিশ্বকর্মাজাত মহুয়াভক্ত; ক্রমাগত ঘাই মারলাম...
জহর সেনমজুমদার

জহর সেনমজুমদার

কবি, প্রবন্ধিক, গদ্যকার এখন পর্যন্ত প্রকাশিত কবিতার বই ১৫টি। এর মধ্যে...বিস্তারিত