তিনটি কবিতা

যাত্রা

লোবানের মৃদুগন্ধ এখনো উন্মন সুড়সুড়ি দেয় ক্লান্ত নাকের ভিতরে এক কাঁধ থেকে অন্য কাঁধে যেন নাগরদোলায় দেশ-গৃহ-জাতি ঠাঁই পালটে যায় একে-একে; অবশেষে আমাকে নামিয়ে দিল খাদ বেয়ে মাটির গহ্বরে যেন ভারমুক্ত শ্বাস টানে ধীরে : আমার বসত তবে ভেজা-ভেজা সমতলে; মাথার ওপরে ছুড়ে দেয়া হচ্ছে মাটির চাঙড় একের ওপরে এক যেন কোনো অপটু ওস্তাদ গান ধরে, সুর-তাল-লয় ভেঙে-ভেঙে যাচ্ছে-তাই, শরীর চঞ্চল হয়ে ওঠে; কথা বলছে কখনোবা থেমে-থেমে কখনোবা দ্রুত, নিম্নকণ্ঠে ইশারায় হিংস্র সাপিনীর শিস শুনি দূরে কাছে আমি কিন্তু জেগে আছি, শুধু মুদে আসে চোখ; মাটির ডেলার গুটি-গুটি আশীর্বাদ ঝরে পড়ে বাঁশ ও মাটির ফাঁক বেয়ে ভাবি, সূর্যরশ্মি নয়, প্রথম ভোরের! আমি জেগে উঠি, দেখে যাই চিরকাল!  
৭ সেপ্টেম্বর ২০১৭ উত্তরা

 

বায়বীয়

তুমি বলো, আমি তো মানুষ নই, অশরীরী, তাই সই, এসো, এই যাত্রা শুভ হোক, আমি বলি, মানুষের অধিক মানুষ তাই তুমি, প্রফুল্ল পাপড়িতে, অনন্তের দীপ!  
৭ সেপ্টেম্বর ২০১৭ উত্তরা

 

খোঁড়া

কবর খুঁড়েছি নিরন্তর অবশেষে, মিলেছে আশ্রয়; তবু আজো চলেছি কবর খুঁড়ে প্রতিক্ষণ; আজ দেখি, বালুপাথরের ডাঁই ঠেলে মাথা তুলছে রক্তকরবীর চারা!  
৭ সেপ্টেম্বর ২০১৭ উত্তরা
মোহাম্মদ রফিক

মোহাম্মদ রফিক

কবি ও গদ্যকার জন্ম ২৩ অক্টোবর; ১৯৪৩, বাগেরহাট। পড়াশোনা করেছেন পিরোজপুর,...বিস্তারিত