কুমড়োগাছ
.
ওভারটন সেতু; কুকুর লাফিয়ে পরে আত্মহত্যা করে
পানিতে গা-ডুবিয়ে একটি মহিষ
মহিষের পিঠের উপরে ফড়িং; আর জল থেকে উঠে আসা
কয়েকটি কোলাব্যাঙ
সম্প্রচারের বেলা। নুলো-লোকটি এইসব দেখে; বসে ঘরের ভিতরে
অনু’দিদের বাড়ির পিছনে লাগানো কুমড়োগাছ
কয়েকটি কচিকুমড়ো; একঝাঁক কুমড়োফুলসহ সম্প্রচারিত হচ্ছে
ছনে-ছাওয়া ঘরটির চালার উপড়ে
বাড়ি
.
লেকেরপারে বাড়ি; জলে ভাসে বাড়িটির ছায়া
সমুদ্রে জাহাজ আর নদীতে নৌকা ডুবে
মরে গেছে যারা
সেইসব লোকজন জলের নিচে
ছায়া বাড়িতে থাকে
বেলুন
.
খেলতে গিয়ে হাত ফসকে উড়ে যাচ্ছে গ্যাস বেলুন
আর সেই বেলুনের পিছু নিয়ে শিশুটি এখানে এসেছে
একাকী মাঠে বসে ভাবছে—তার বেলুনটি
উড়ে কোথায় যেতে পারে?
দূর পৃথিবীর শিশু বেলুনটি পেয়ে গেলে তার মতো করে
বেলুন নিয়ে সেও খেলবে এবার!
মাঠের মধ্যে বসে এইসব ভাবনা ভেবে ভেবে
আমাদের শিশুটিও বুড়ো হয়ে গেল
বন্ধুত্ব
.
ধানগাছের গল্প বলছি উঠোনের কামিনিগাছকে
এ পাড়া। পরে আরও পাড়া। বাজার। বটতলা। ছোট গাঙ
পেরিয়ে ধু ধু মাঠ
কামিনিগাছ সব কথা শোনে
বলে, সে একদিন ধানগাছকে বন্ধুত্বের প্রস্তাব পাঠাবে
কামিনীগাছে খয়েরি রঙের ভাতশালিকগুলো
খয়েরি খাম উড়ে যাচ্ছে ধানমাঠের দিকে
রেনি-সিজন
.
বৃষ্টির ভেতরে রেলগাড়ি
এক আশ্চর্য সুন্দর রঙধনু রঙের
ছাতা মাথায় তুমি আসছ
পাহাড়! পাহাড়! ঘন সবুজ উপত্যকা
রোদ। বৃষ্টি। রঙধনু। রেলগাড়ি।
কোথায় দাঁড়িয়ে দেখেছি আমি জানি না
মাসুদার রহমান
জন্ম ১ সেপ্টেম্বর ১৯৭০; জয়পুরহাট। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক।...
বিস্তারিত
জন্ম ১ সেপ্টেম্বর ১৯৭০; জয়পুরহাট। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। প্রকাশিত বই : কবিতা— হাটের কবিতা [পাঠসূত্র, ঢাকা ২০১০ উত্তরবঙ্গ সিরিজ [চিহ্ন, রাজশাহী ২০১৩ সমুদ্র [কবিতাপাক্ষিক, কলকাতা ২০১৪ মাসুদার রহমানের কবিতা [গুপিযন্ত্র, কলকাতা ২০১৪ ডাকবাংলো [আরক-বরিশাল ২০১৫ ডায়ালের জাদু [আরক-বরিশাল ২০১৬ হরপ্পা [তবুও প্রয়াস প্রকাশন, কলকাতা ২০১৮ ভ্যান গঘের চশমা [বেহুলা বাংলা, ঢাকা ২০১৮ ই-মেইল : masudar88@gmail.com (স্বল্প)