রুহুল মাহফুজ জয়ের কবিতা

গন্দমগুচ্ছ


১. নিজস্ব দোজখ পেরিয়ে প্রেমিকের কাছে ফিরে আসে নবী আইয়ুবের দেহপোকা, তোমার বুকে বসে আছে চাকুর অহংকার, সূর্যরশ্মির বিপরীত আয়নার তেজ। আহা ছুরি! আহা আয়না! কাটার আগে ধারালো হবার লোভ প্রতিবিম্বে এসে ক্রমশ ঝাপসা সুমনার মুখ। তিরতির কম্পমান হারিকেনের ছায়ার নিচে শাদ্দাদের বেহেশত ভেঙে পড়ার শব্দ শুনি—আজরাইল ফেরেশতাও জানে, আমি কোন বেহেশতের দিকে যেতে যেতে পথ হারিয়েছিলাম।  

পরীবিবি


বুড়িগঙ্গার দিকে গেছে মাটিখোড়া গুপ্তপথ। ঐ দুর্গ ধরে হেঁটেছে যে রাজা সেনাপতি সিপাহী ও ঘোড়া— পলায়নপর মোঘল তারা, চেটেছে রূপসুহাসিনী পরীবিবির দেমাগ। কী এক অসুখ ওই আজম-বিরাগ, ইতিহাস তা লিখে না। মৃত্যুবাগান একা অমর করেছে শায়েস্তা খান। মরে গিয়ে তুমি মরো নাই, লালবাগে ইরান দুখত চিরঘুমে আছ দু’য়ে; তোমার পাথর আমি গুনি শাহবাগে বসে। পাশাপাশি কন্যায়-মায়ে শুয়ে ধনী কবরে, পাহারায় দামি পাথর— মেয়েকে বাঁচিয়ে রাখে পিতার আদর।  

কল্পিত মদের শিকার


১. বাঘকে তাড়া করছে চিত্রল হরিণ এমনতর দৃশ্যের গভীরে যেতে যেতে তুমি অরণ্যবিভাস যে কোনো ফুল পালানো ঘ্রাণের সন্ত্রাসে মৌমাছির তৃষ্ণার্ত শ্বাসের ধাক্কায় মরে যেতে পারো মরে যেতে পারো মরে যেতে পারো হে, কল্পিত মদের শিকার ২. আরশে মোকাম খুলে বেলুনে মগ্ন হও বেহেশতে যাও পোশাক ছুড়ে ফেলে যেও দোজখের দিকে— তাতে ইবলিশের চোখ ঢেকে যাবে মানবজন্মে মুছে যায় নি শাপ-ই-আজাজিল— বেহেশত ও দোজখের মধ্যবর্তী রাস্তায় নগ্ন হেঁটে গেলে মানব-মানবীকে ঈর্ষা করে আগুনের ফুলকিদল জীবনের ব্যবহারবিধি মুখস্থ করো হে, এত এত মানুষের জায়গা হচ্ছে না কোথাও আল্লাহর দুনিয়ায় সকল পুরুষের বেলুন কেনার সামর্থ্য নেই  

ফ্রিদাপ্রেম


না দেখার মধ্যে দিয়া তারে আমি দেখি না ছোঁয়ার মধ্যে দিয়া প্রবেশ করি তার ভিতরে না গিয়াও অজস্রবার ঘুরছি মেক্সিকো সিটিতে তার হাত ধরে হাঁটছি মাথাভাঙ্গার তীরে পৃথিবীর মানচিত্রে এরই মধ্যিখানে কোথাও আমি আর ফ্রিদা কাহলো সঙ্গম করি, ভালোবাসি তিনি আমার সাতাত্তর বর্ষের সিনিয়র আমি তার সনে পিরিত করি, তিনি মৈথুন করেন আমার লগে পৃথিবীর কোথাও আমরা দেখা করি ঠিকই আমাদের না চেনা প্রেম নিয়া কুৎসা রটায় ঈর্ষান্বিত কবিদল— ঈর্ষা-ঈর্ষায় ফ্রিদার মুখ থেকে দাগগুলা মুছে যায়  

অঙ্ক


বৃত্ত মেলানো পৃথিবীর স্বভাব আমি তোমার বৃত্তে ঘোরপাক খাই অঙ্ক মেলাতে পারি না তুমি যদি সংখ্যা তোমার নামের পাশে ইচ্ছামতো শূন্য বসাতে চাই
রুহুল মাহফুজ জয়

রুহুল মাহফুজ জয়

জন্ম ৩১ মার্চ ১৯৮৪, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে...বিস্তারিত