অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ প্রকাশিত নতুন কিছু বইয়ের সংক্ষিপ্ত পরিচয় দ্বিতীয় দফায় তুলে ধরা হলো পাঠকদের জন্য। প্রথম কিস্তি ছাপানোর পর লেখক-পাঠকদের পক্ষ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে দ্বিতীয় দফার এই আয়োজন।
আশির দশকের গুরুত্বপূর্ণ কবি জুয়েল মাজহারের 'নির্বাচিত কবিতা' বইটি প্রকাশ করেছে 'বেহুলা বাংলা'। প্রচ্ছদ এঁকেছেন তরুণ কবি বিধান সাহা। বইটির মূল্য ২৭০ টাকা।
এই বইতে পাওয়া যাবে কবির ইতঃপূর্বে প্রকাশিত তিনটি কাব্য থেকে সুনির্বাচিত কবিতাগুলি। তাঁর কাব্য তিনটি হলো—দর্জিঘরে এক রাত, মেগাস্থিনিসের হাসি ও দিওয়ানা জিকির।
মাঝখানে কিছুদিন লেখালেখি থেকে দূরে সরে থাকলেও এখন নিয়মিত লিখে চলেছেন। মূলত কবিই তিনি। মৌলিক কবিতার পাশাপাশি বিদেশি কবিতা অনুবাদেও তাঁর সযত্ন প্রয়াস লক্ষণীয়।
বাংলাভাষী পাঠকের জন্যে কানাডার সাহিত্যের জানালা খুলে দেবে টরন্টোবাসী বাংলাদেশের লেখক সুব্রত কুমার দাস রচিত 'কানাডীয় সাহিত্য: বিচ্ছিন্ন ভাবনা' বইটি। লেখক ও গবেষক সুব্রত কুমার দাসের চার বছরের পরিশ্রমের ফসল এই গ্রন্থ। কানাডার ঊনত্রিশজন গুরুত্বপূর্ণ লেখক নিয়ে এই বইটি রচিত। এর বাইরে বইয়ের শুরুতে দীর্ঘ প্রাককথন ছাড়াও রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ যা পাঠককে কানাডার সাহিত্যে প্রবেশ করতে সাহায্য করবে।
বইটির প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। প্রকাশক মূর্ধন্য, ঢাকা। পৃষ্ঠাসংখ্যা ২২০। মূল্য ৪০০ টাকা।
ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে সাখাওয়াত টিপুর শিল্প সমালোচনাগ্রন্থ ‘নভেরার রূপ’ বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। উপমহাদেশের প্রথম প্রজন্মের কিংবদন্তি ভাস্কর নভেরা আহমেদ। এ বইটিতে আছে শিল্প কিভাবে একজন শিল্পীর আত্মপরিচয় নির্মাণ করে তার সুলুক সন্ধান। পাশাপাশি নভেরার জীবনের সঙ্গে তার সৃষ্টকর্মের তুলনামূলক সমালোচনা এতে রয়েছে। শিল্পের তাত্ত্বিক পাটাতনে নন্দনরূপ খুঁজেছেন লেখক সাখাওয়াত টিপু। এছাড়াও, শহিদ মিনারের নকশা নভেরার প্রণয়নে ভূমিকা ছিল কিনা—আছে তার বয়ান। লেখক এখানে খণ্ডিত ইতিহাস নিয়ে প্রশ্ন তুলেছেন।
ভাস্কর্যশিল্পের গঠন, রূপ, রূপক আর নন্দনতাত্ত্বিক বয়ানে বইটি অনন্য। নভেরার ম্যুরাল অবলম্বনে বইটির প্রচ্ছদ করেছেন এস এম সাইফুল ইসলাম। বইটিতে সংযোজিত হয়েছে সমকালীন ৮ জন শিল্পীর আঁকা নভেরার পোর্ট্রেট। বইটির মূল্য ৩০০ টাকা।
আহমেদ মুনিরের কবিতার বই 'জেল রোডের প্রেমগীতি' প্রকাশ করেছে বাতিঘর। এটি তাঁর তৃতীয় কাব্য। প্রথমটি বেরিয়েছিল ২০০৯ সালে। নাম : আমি ও বাঘারু।
কবি হিশেবে তাঁর আত্মপ্রকাশ মূলত নব্বইয়ের দশকের শেষ দিকে। প্রতিষ্ঠা, বলা চলে, প্রথম দশকে। কবিতার পাশাপাশি গল্প ও প্রবন্ধও লিখেন নিয়মিত।
বইটির প্রচ্ছদ এঁকেছেন শিবু কুমার শীল। মূল ১৩৪ টাকা।'এই শহর সুবোধদের' একটি ভিন্ন ধরনের বই। সমকালীন বিভিন্ন বিষয়কে নিরীক্ষার দৃষ্টিতে দেখার চেষ্টায় করা হয়েছে গ্রন্থটিতে। গল্পের ঢঙে প্রতিটি লেখা উপস্থাপন করা হয়েছে। বইটির লেখক বিনয় দত্ত। প্রকাশক পুথিনিলয়। প্রচ্ছদশিল্পী সারাজাত সৌম।
খ্যাতিমান প্রবন্ধকার, অনুবাদক ও অধ্যাপক ড. হায়াৎ মামুদ বলেন, এই শহর সুবোধদের এটি প্রবন্ধগ্রন্থ নয়, আবার গল্পসংগ্রহও নয়, তাহলে কী? পাণ্ডুলিপি পড়ে আমি এটাকে সমকালীন ঘটনা ও বিষয়াদি নিয়ে রচিত কথামালা বলতে পারি। উপন্যাসের মতো কাব্যিক নামের মধ্যেই এর প্রমাণ নিহিত। লেখক সামসময়িক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গ্রন্থটিকে সজ্জিত করেছেন। গ্রন্থটি পড়লে মনে হবে না আপনি পড়ছেন, মনে হবে আপনার সামনে ঘটে যাওয়া কোনো ঘটনাকে বর্তমানের চোখে অবলোকন করে ভবিষ্যতের ভিত নির্মাণের প্রস্তুতিতে দক্ষ হয়ে উঠছেন। এমন একটি ব্যতিক্রমী গ্রন্থ আপনার সংগ্রহে থাকা মানে চিন্তাচেতনার আধুনিকতায় শামিল হওয়া।’
‘চাকরিনামা’ তরুণ কথাসাহিত্যিক হারুন পাশার দ্বিতীয় উপন্যাস। অনিন্দ্য প্রকাশ থেকে বের হওয়ার বইটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। ১৬০ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৩০০ টাকা।
হারুন পাশা গল্প-উপন্যাসের বর্ণনায় লেখককে অনুপস্থিত রাখতে চান এবং রাখেন। ‘তিস্তা’ উপন্যাসের পর ‘চাকরিনামা’-তেও চরিত্ররাই কথক। উপন্যাসে একজন চরিত্র আরেকজনকে গল্প শোনায়। ওই গল্প থেকে আমরা জানতে পাই সমাজে নিম্নবর্গ হিসেবে বেঁচে থাকা বেকারের জীবন-কথা। বেকার হওয়ায় তাদের স্বর গুরুত্ব পায় না সমাজ, পরিবার, বন্ধু-বান্ধব, এমনকি প্রেমিকার কাছেও। মেধা এবং প্রতিভা থাকা সত্ত্বেও তারা এর প্রয়োগ ঘটাতে পারে না সুযোগের অভাবে। চাকরি না থাকা, ব্যক্তির সাথে সমাজ আর রাষ্ট্রেরও ব্যর্থতা বলে মনে করে চরিত্র। চাকরি ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য কমাতে যুক্ত হয় কোটা সংস্কার আন্দোলনে।
লেখক জীবন সেঁচে নেয়া অভিজ্ঞতাকে সম্বল করে তুলে এনেছেন বেকার জীবনের বিচ্ছিন্নতাবোধ, সংকট, স্বপ্ন আর সম্ভাবনার আখ্যান। উঠে এসেছে তরুণদের ব্যবহৃত প্রাত্যহিক ভাষা, নির্দ্বিধায়। আলোকপাত করেছেন বিসিএস ক্যাডারের বৈচিত্র্য ও কর্ম-ক্ষমতার উপর। বিবিধ চাকরি জীবনের বিচিত্র ফজিলতের উপর বিস্তারিত বয়ানও হাজির।