বৃহস্পতিবার
(তুহিন খানকে)
শত- রঞ্জি ছিল ধু ধু তুমি চাল দিলে নির্জনে আমার নিজের তারাটিকে ঘুরি ঊর্ধ্ব-আকর্ষণে— যাও মধ্য-দুপুর তামা আমার অন্ধ আকরিক দেখি পেরিস্কোপের ছায়ায় ভেসে যাচ্ছে সারাদিক— হাঁটে রাস্তা তোমার পায়ে দাও স্পর্শ-পারাপার গ্রীবা বাড়িয়ে দিয়ে তারা শোনে ধূলিতে শীৎকার— দূরে সুইংমেশিন বাজে কী যে তোমার উপস্থিতি! মৃদু বর্ষাকালের দিকে ভাসে সুইসাইডের স্মৃতি তুলা বাতাসে উড্ডীন এই অহেতু চিৎকার আমি- তুমির মধ্যখানে ওড়ে বৃহস্পতিবার তুমি, বোঝার আগেই ভাষা ভাবি, অর্থ কতটুকু! বাজে অনর্থ রঞ্জনে বড়ে গোলাম আলির খেয়াল যেন দাঁড়িয়ে আছে দূরে ভাঙা এতিমখানার দেয়াল গত জন্মে দেখা টোল আজো কাঁপছে তোমার শ্বাসে আমি সামান্য মৌমাছি এক স্ত্রী ফুলের পাশে হাওয়া রাত্রি-পরাঙ্মুখ যেন জিরাফ সারি সারি নামে ধাতব নগরীতে শুনি কণ্ঠতে পায়চারি তোমার চুপ থাকার অর্থকে ভাবি পাখির জটিলতা পাতা হাওয়ায় উড়ে যাও প্রিয় হাজার নীরবতা যাও লুব্ধকে মর্মরে আমি ত্রস্ত করণিক আমার তাকিয়ে থাকার দিকে তুমি অপার আপেক্ষিক যেন ফুলের শাদা ভাষা এই ঘ্রাণের শীৎকার আমি- তুমির মধ্যখানে ওড়ে বৃহস্পতিবার তুমি, বোঝার আগেই ভাষা ভাবি, অর্থ কতটুকু! নুয়ে পড়ছে ফলের ত্বকে রোদে সান্দ্র খোঁপার ভারি তিত- পুঁটির চোখে ডোবে জলে তোমার বাড়াবাড়ি আত- তায়ীর সুরে রাত বেঁধে কণ্ঠে এ কোন মিড় আমি তোমাকেই শুয়ে শুয়ে হাঁটি বিস্মরণের তীর তবু ফুরায় না সেই নদী খাঁখাঁ চারণ-ভূমি-পাড়ে জাত সাপের ফণা দোলে এই শ্যেন-অন্ধকারে আজ অসুখ ভরা দিন আজ ট্রেনের দিকে যাওয়া খোঁপা খুলছে ঘন রোদ পরে জারুল ফুলের হাওয়া ভাবি অন্ধকারের চোখে বাঁচে সানাই বহুদিন আমি ধূলিতে প্রাণপণ ক্ষয়ে যাচ্ছি মনোলীন শুনি ক্লান্ত রোদের পাশে লেবু ফুলের হাহাকার আমি- তুমির মধ্যখানে ওড়ে বৃহস্পতিবার তুমি, বোঝার আগেই ভাষা ভাবি, অর্থ কতটুকু! ঢেউয়ে হাঁসের ভঙ্গিমা যেন তুলার বাগান দোলে একটা হাল্কা বিকেল বেলা হেলে পড়ছে তোমার টোলে জমে লোহায় বিষণ্নতা এই জানলা-খোলা শীতে তোমার সমস্ত রোলকল ভিজে যাচ্ছে যে বৃষ্টিতে এই রাস্তা পাথর-ফাঁকা পিচে মরীচিকা জ্বলে যেন দৌড়ে যাচ্ছে হাওয়ায় মায়া হরিণ সদলবলে ঘোরে টারবাইনের হাওয়া দূরে ঘাসের দিন যায় জানু অব্দি পাখির ছায়া খুঁজি ভাষার বক্রতায় এসো কালশিটে দাগ, এসো পরা- ভূমির এই লোকে পাকে জামের বনে ছায়া ধীরে ঘূর্ণায়মান শোকে এসো চাকরিরত দিনে আমার অন্ধ সারাৎসার আমি- তুমির মধ্যখানে ওড়ে বৃহস্পতিবার তুমি, বোঝার আগেই ভাষা ভাবি, অর্থ কতটুকু!