হোম
কবিতা
বই থেকে : চুরি করা কবিতা
বই থেকে : চুরি করা কবিতা
কবিতা
◘
কবিতা—
জাদুর আয়না
বলে দেয় কার মুখে কত দাগ
কার চোখে কত আলো
কার হাসি ভালো আর
কে কত কান্না লুকাল
সব বলে দেয় সে
উলটো করে।
কবিতা কপচাই
◘
এখন আয়নাও চরম বিশ্বাসঘাতক
একে অপরের চোখে চোখ রাখি না এখন
আর নিজের মুখোমুখি হতেও আতঙ্ক
শিক্ষক প্রশ্ন ফাঁস করে দেয়
নকলে সাহায্য করে, ছাত্রীকে পোয়াতি করে ফেলে
মৌলানা হুজুর মাদরাসা ছাত্রকে ধর্ষণ করে ফেলে
তামাম ফেসবুক কেবলই ঢিলা কুলুখ কপচায়
এখন প্রবাসী ষাঁড় এসে প্রেমিকাকে কিনে নিয়ে যায়
এখন নাম-না-জানা তারকারা পথে ঘাটে চেঁচায়
আর
এখন
এখনও
তুমি আমি
আমরা কয়েকজন কবি
জাবর কাটার মতোই
চাঁদ আর পূর্ণিমার কবিতা কপচাই!
কবিতার লীলাখেলা
◘
আমি তো থাকি না কবিতায় মুখ গুঁজে
তবে কবিতা আমাকে লেখে মাঝেমাঝে—
আর কলিজার গিঁটেগিঁটে ব্যথা হয়
আর লহুতে আজিব উন্মাদনা বয়
নিজেকেই চিনতে পারি না আয়নায়
মগজের গহিনে কে চিরুনি চালায়
কবিতা আমাকে ফুসলিয়ে নিয়ে যায়
দিনেদুপুরে মাঝরাত্রিরে, অচেনায়।
কবিতার আরাধনা সকলেই পারে
তবে কবিতা আমার টুটি চেপে ধরে
আর কী নিষ্ঠুর হাতে কাটাছেঁড়া করে
নিজ দায়িত্বেই আবার সেলাই করে
আমি কেবল মূর্খ দর্শক সেজে থাকি
চুপচাপ কবিতার লীলাখেলা দেখি।
আমার অন্ধ কবিতা
◘
তুমি ওকে কোলে নাও
আমার বেচারি কবিতা
সে অন্ধ হয়ে গেছে
ফুল ও গোবর দেখতে পায় না
সাপ ও কুকুরের লেজ বোঝে না
কেবল শুকে শুকে
হাতড়ে হাতড়ে
পথ চলে
আমার অন্ধ কবিতা
তুমি ওর হাত ধরো।
প্রিয় পাঠক
তুমি ছাড়া
কে আছে
পথ দেখাবে
আমার অন্ধ দিশেহারা কবিতাকে।
কবি পালাচ্ছেন
◘
কবি পালাচ্ছেন
কবি ভাবছেন
এখানে নয়
অন্য কোথাও
অন্য কোনোখানে
আছে জীবনের মানে
আছে মায়ামৃগখানি
আছে সুখশান্তির খনি।
কবি পালাচ্ছেন
এই দেশ ছেড়ে
অনেক দূরে
কবি চান নি
মাতৃভূমি
এমন তরো হবে।
তাকে কেবা কবে
রয়ে যান কবি
থেকে যান কবি
তছনছ বাগান
পুড়ে ছারখার
মালী কি পালায়?
এ বাগান আপনাকে চায়।
কবিতা তোমাকে
◘
যদি কোনোদিন
আবার কেউ ভালো মানুষের ছেলে বলে ডাকে
যদি কোনোদিন আবার কেউ হুল না ফোটায়
হয়তো আবার লিখব
কবিতা তোমাকে।
কবিতাখোর
◘
কবিতার যুবরাজ র্যাঁবো
মাথা নত করে প্যারিস ছেড়ে চলে যায়
সিলভিয়া প্লাথ কী অস্থির বেদনায়
গ্যাসের চুলায় মাথা চেপে ধরে
সিলভিয়ার পথ ধরে অ্যান স্যাক্সটনও
চলে যায় কার্বন মনোক্সাইড গ্যাসের বিষে
এমিলি পায়েতে পাথর চেপে
নির্জনে ডুবে যায় নদীর জলে
জীবনানন্দ আনমনা উদাসীন
চলে যায় ট্রামের চাকার নিচে
নতুন শিশুকে জায়গা দেবে বলে
সুকান্ত যক্ষায় ভুগে ভুগে হারিয়ে যায়।
দূর নক্ষত্রলোক থেকে আসা এইসব কবিদের
আমরা চিনতে পারি নি কখনো কোনোদিন
কেবল স্বার্থপর নেশাখোরের মতো
আমরা অভিমানী কবিদের কবিতা
চোলাই করে খাই।
মুম রহমান
জন্ম ২৭ মার্চ, ময়মনসিংহ। এমফিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পেশা লেখালেখি।...
বিস্তারিত
জন্ম ২৭ মার্চ, ময়মনসিংহ। এমফিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পেশা লেখালেখি। প্রকাশিত বই : উপন্যাস— মায়াবি মুখোশ কমৎকার ছোটগল্প— অন্ধকারের গল্পগুচ্ছ ছোট ছোট ছোটগল্প শতগল্প হয়তো প্রেমের গল্প কবিতা— চার লাইন চলচ্চিত্র বিষয়ক— বিশ্বসেরা ৫০ চলচ্চিত্র বিশ্বসেরা আরো ৫০ চলচ্চিত্র ১০ রকম ১০০ চলচ্চিত্র বিচিত্র চলচ্চিত্র বিশ্বসেরা চলচ্চিত্র সমগ্র বিশ্বসেরা শত সিনেমা অস্কার বিজয়ী চলচ্চিত্র নাটক— দুইটি ব্রিটিশ নাটক তিনটি মঞ্চ নাটক অনুবাদ— সাদাকো ও সহস্র সারস বব ডিলান গীতিকা কাফকা : অণুগল্প সাফোর কবিতা শিশুতোষ— মজার প্রাণীকূল চিত্রকলা বিষয়ক— বেদনার রং তুলিতে একটি জীবন প্রবন্ধ— বই কেনা, বই পড়া বই বিশ্ব কিতাবি কথা অন্যান্য— তিতা কথা সম্পাদনা— অনির্ণীত হুমায়ূন ই-মেইল : moomrahaman@gmail.com (স্বল্প)